শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত। বদলগাছীতে নিজ বাড়ীতে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা; অতঃপর আটক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫২ দেখেছেন

গণ সংবাদ ডেস্ক,

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এবার দেশটিতে প্রায় ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। আজ মঙ্গলবার কয়েক কোটি ভোটার সশরীরে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে আট কোটি ২০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে অন্তত ২৭০টি পেতে হয়। জনসংখ্যার অনুপাতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে এই ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ থাকে। ৫০টি অঙ্গরাজ্যের ৪৮টির ক্ষেত্রে নিয়ম হলো-যে প্রার্থী এসব অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবেন, সেখানকার সব ইলেকটোরাল কলেজ ভোট তিনিই পাবেন।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এবারের নির্বাচনের ফলাফল পেতে বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে ভিন্নমতও রয়েছে। অনেকে বলছেন, নির্বাচনে কে জয়ী হচ্ছেন, তা জানতে কয়েক দিনও লাগতে পারে।

২০২০ সালের নির্বাচনে মার্কিন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছিল ৭ নভেম্বর। কিন্তু নির্বাচন শেষ হয়েছিল এর আগের মঙ্গলবার। ২০১৬ ও ২০১২ সালে অবশ্য ভোটারদের ফলাফল পেতে কম সময় অপেক্ষা করতে হয়েছিল। ভোট গণনার পদ্ধতি একেক জায়গায় একেক রকম হওয়ায় ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। এ ছাড়া সশরীরে দেওয়া ভোট গণনার পর সাধারণত আগাম ভোট ও ডাকযোগে পাঠানো ভোট গণনা করা হয়। এ কারণেও ফল পেতে কিছুটা দেরি হতে পারে। ফলাফল ঘোষণার পর ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের বাইরে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন।

এবারের নির্বাচন শুধু বিশ্বের অন্যতম প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার লড়াই নয়। ভোটের মধ্য দিয়ে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত নেবেন মার্কিন ভোটাররা।

এবার দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা ও নেভাডাসহ ১০টি অঙ্গরাজ্যের ব্যালটে গর্ভপাতের অধিকারের বিষয়টি উল্লেখ থাকছে। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৪টিতে নির্বাচনের লড়াই চলেছে, যেখানে রিপাবলিকানদের চেয়ে একটি আসন বেশি আছে ডেমোক্র্যাটদের। অন্যদিকে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব কটির নির্বাচন চলেছে।

এদিকে ফ্লোরিডা, নেব্রাস্কা, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে বিনোদন বা চিকিৎসার জন্য গাঁজার ব্যবহারের কথা ব্যালটে উল্লেখ রয়েছে। এ ছাড়া কিছু এলাকায় ভোটদান ও নির্বাচন পদ্ধতি ঠিক করা নিয়ে গণভোটের উল্লেখ রয়েছে ব্যালটে।

এদিকে স্থানীয় সময় গত সোমবার মধ্যরাতে শেষবারের মতো প্রচার চালিয়েছেন কমলা ও ট্রাম্প। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় প্রচারণা চালানোর সময় কমলা বলেন, ‘পরিস্থিতি আমাদের পক্ষে রয়েছে।’ তবে কমলা সতর্ক করে বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। তাই প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।’ এ সময় সংগীতশিল্পী লেডি গাগা ও উপস্থাপিকা অপরাহ উইনফ্রের মতো তারকারা কমলার সঙ্গে মঞ্চে যোগ দেন।

এদিকে সমাপনী বক্তব্যে মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে ট্রাম্প বলেন, ‘আপনাদের ভোট পেলে আমরা দেশের প্রতিটি সমস্যার সমাধান করতে পারব এবং যুক্তরাষ্ট্রকে গৌরবের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

ট্রাম্প নির্বাচনে জয়ী হলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রত্যাবর্তন তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ইন্ধন দেবে। বিশেষ করে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র ও ন্যাটোর শঙ্কা বাড়বে। এ ছাড়া আমদানি পণ্যে তাঁর উচ্চ করারোপের ঘোষণার কারণে ব্যাবসায়িক অংশীদাররাও শঙ্কায় থাকবেন।

তবে কমলা জিতলে প্রথমবারের মতো নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে শেষ হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার, কারণ এরই মধ্যে ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পুরো বিশ্বের উদ্বিগ্ন নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে। কারণ নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে মধ্যপ্রাচ্য সংঘাত, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার ভবিষ্যৎ। সূত্র : বিবিসি, এএফপি

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT